দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দেশের ক্রিকেটাঙ্গনে যখন বিসিবি নির্বাচন নিয়ে উত্তাপ, তখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।
স্টেডিয়ামে প্রবেশ করেই উইকেট পরিদর্শন করেন অস্ট্রেলিয়ার হেড কোচ, সহকারী কোচ, জেভিয়ার বার্টলেট ও উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। পরে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংয়ের সঙ্গে তারা উইকেট নিয়ে আলোচনা করেন। আসন্ন সিরিজের কন্ডিশন ও উইকেটের চরিত্র নিয়েই মূলত ছিল এ আলোচনার কেন্দ্রবিন্দু।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে ছন্দহীন অস্ট্রেলিয়া দল পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর আরও কিছু ধাক্কা খেয়েছে। ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন হার্ডহিটার ব্যাটার ট্রাভিস হেড। প্রথম ওয়ানডেতে অধিনায়ক মিচেল মার্শকেও পাচ্ছে না দলটি।
অন্যদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশকে হালকাভাবে দেখছে না অজিরা। ঢাকার গরমের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বাংলাদেশের স্পিন আক্রমণ সামলানোই এখন তাদের বড় চ্যালেঞ্জ।
প্রথম দিনের অনুশীলনে তাই স্পিন মোকাবিলায় আলাদা গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া। কুপার কনোলি, বেন ডারশুইস, মার্নাস লাবুশেন ও জশ ইংলিশসহ ব্যাটাররা দীর্ঘ সময় স্পিনের বিপক্ষে অনুশীলন করেন। এমনকি পেসার ক্যামেরন গ্রিনও স্পিনার হিসেবে বোলিং করেন। প্রায় আড়াই ঘণ্টা চলে এই বিশেষ অনুশীলন।
বাংলাদেশ দলও নিজেদের প্রস্তুতি শুরু করেছে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষে। তবে তাদের প্রস্তুতিতে দেখা গেছে ভিন্নতা, যেখানে অস্ট্রেলিয়ার ফোকাস স্পিনে, সেখানে বাংলাদেশের জোর পেস বোলিংয়ে।
এবার পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তালহা জুবায়ের। শন টেইটের বিদায়ের পর এ দায়িত্বে নতুন অধ্যায় শুরু হয়েছে।
প্রধান কোচ ফিল সিমন্স দলের সঙ্গে থাকলেও অনুশীলন তদারকিতে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পাকিস্তান সিরিজ পর্যন্ত দায়িত্বে থাকলেও এখন তিনি অস্ট্রেলিয়া সিরিজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেলে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সুযোগও তৈরি হতে পারে টাইগারদের সামনে।
সবশেষে, মিরপুরের মাঠেই নির্ধারণ হবে দুই দলের শক্তির আসল পার্থক্য।
এমএস/